পডকাস্টে পূর্ণিমা

Printed Edition
bino-5
পডকাস্টে পূর্ণিমা

বিনোদন ডেস্ক

এই সময়ে দেশে পডকাস্টের এক নতুন ধারা সৃষ্টি হয়েছে। নানান পেশার সাথে সম্পৃক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিরা পডকাস্টে উপস্থাপনার মধ্যদিয়ে সমাজের নানান ক্ষেত্রে সফল ব্যক্তিদের জীবনের নানান গল্প তুলে ধরছেন তাদের আয়োজনে। কোনো কোনো টিভি চ্যানেলে, কোনো ইউটিউব চ্যানেলে কিংবা অন্য কোনো প্ল্যাটফরমে সেসব ‘পডকাস্ট’ নিয়মিত প্রচার হচ্ছে। সেই ধারাবাহিকতায় একজন গর্বিত মা, ব্যবসায়ী এবং কন্টেন্ট ক্রিয়েটর সিমরা খান কিছুদিন আগেই ‘দ্য সিমরা খান পডকাস্ট’-এর যাত্রা শুরু করেছেন। এর আগে তার নিমন্ত্রণে বিভিন্ন পেশাজীবীর সফল ব্যক্তিরা তার অনুষ্ঠানে উপস্থিত হলেও এবারই প্রথম সিমরা খানের নিমন্ত্রণে তার পডকাস্টে উপস্থিত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নন্দিত নায়িকা পূর্ণিমা। কোনো পডকাস্টে এবারই প্রথম তিনি উপস্থিত হয়েছেন। এরই মধ্যে তার পর্বটি ‘সিমরা খান পডকাস্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং অনেকেই তা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন। কেনই বা হঠাৎ ‘সিমরা খানের পডকাস্টে উপস্থিত হওয়া, এমন প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন,‘ এরই মধ্যে এই সময়ের বেশকিছু পডকাস্ট আমার চোখে পড়েছে। আমাকে যখন সিমরা খান প্রস্তাব দিয়েছিলেন তার পডাকাস্টে অতিথি হওয়ার জন্য, আমি একটু সময় নিয়েছিলাম। তার চ্যানেলের কয়েকটি পডকাস্ট দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। কারণ তার এখানে আলোচনার বিষয়বস্তুই আলাদা এবং অতিথিকে যথেষ্ট শ্রদ্ধা, সম্মান দিয়ে তিনি কথা বলেন। যে কারণে তার অতিথি হিসেবে তারই পডকাস্টে অংশ নেই। প্রচারের পরেও দেখেছি বিহাইণ্ড দ্য ক্যামেরায় তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। ধন্যবাদ সিমরা খানকে।’ সিমরা খান বলেন,‘ আমার পডকাস্টে সাধারণত অভিভাবকত্ব বা শিশু প্রতিপালন, মেন্টাল হেলথ, রিললেশনশিপ’সহ আরো এমন কিছু বিষয় নিয়ে কথা বলি যা দেখে বা শুনে মানুষ যেন কিছু শিখতে পারেন। যেকোনো পেশার সফল বা আলোকিত ব্যক্তিত্ব এই আয়োজনে অংশগ্রহণ করেন। কোনো রকম গসিপ বা শুধুই বিনোদিত করার জন্য এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না। আমার একটাই কথা, যেন আমার পডকাস্টে আগত প্রত্যেক অতিথির কাছ থেকে দর্শক কিছু না কিছু শিখতে পারেন, এটাই আমার লক্ষ্য থাকে।