সিলেটে আরো ১ শিশুর মৃত্যু
হাসপাতালে হামের রোগী বাড়ছেই
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হাওয়া শিশুর সংখ্যা বাড়ছেই। সিলেট ও ময়মনসিংহেই এক দিনে ভর্তি হয়েছে অর্ধশতাধিক শিশু। এছাড়া সিলেটে মারা গেছে এক শিশু।
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামের আক্রান্ত ও উপসর্গে ভর্তির শিশুর সংখ্যা বাড়ছেই। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আরো এক শিশুর মৃত্যুর হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে নিয়ে সিলেট বিভাগের মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স পাঁচ মাস। সে সিলেট জেলার কানাইঘাট গ্রামের বাসিন্দা। বুধবার ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরো তিন শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১০৭। এর মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৪৩ শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন শিশু ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬১ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৭২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, সিলেটের মা ও শিশু হাসপাতালে এক, আল হারামাইন হাসপাতালে এক, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, মাউন্ট এডোরা হাসপাতালে দুই, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচ, পার্কভিউ হাসপাতালে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আট ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছে ১৪ জন শিশু।
মমেকে হাম আতঙ্ক : আরো ২২ শিশু ভর্তি
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল যেন এখন হাম আক্রান্ত শিশুদের ভারে ন্যুব্জ। ২৪ ঘণ্টায় আরো ২২ শিশুর ভর্তি পরিস্থিতিকে নতুন করে উদ্বেগজনক করে তুলেছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭০ শিশু।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহা: গোলাম মাওলা। তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ৩০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৭২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, পরিস্থিতি সামাল দিতে তিনটি পৃথক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে রোগীর চাপ এতটাই বেশি যে চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তবুও তারা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।