দুই জেলায় প্রাণ গেল ২ জনের
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও হবিগঞ্জে দুইজন নিহত হয়েছেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দিনাজপুর সেতাবগঞ্জ সড়কের বিরল উপজেলার ধুকুরঝারীতে মোটরসাইকেল ও কারের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা চালক সিরাজ মণি গুরুতর আহত হন। তাকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগৎপুর এলাকায় বাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শুকড়িপাড়া শরিফপুর গ্রামের মো: আব্দুল আজিজের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজামপুর ইউনিয়নের শুকড়িপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ট্রাক্টর নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস ট্রাক্টরটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।