ইসরাইলের ওপর ক্ষুব্ধ অর্ধেকের বেশি মার্কিনি
নতুন জরিপের ফল
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ইসরাইল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে মার্কিন নাগরিকদের মধ্যে নেতিবাচক মনোভাব ক্রমে বাড়ছে। বিশেষ করে, তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গেছে। গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের চলতি সপ্তাহে প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গেছে, ১০ জনে ছয়জন মার্কিন নাগরিক ইসরাইল সম্পর্কে খুব বা কিছুটা নেতিবাচক ধারণা পোষণ করেন।
জরিপে আরও উঠে এসেছে, ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যা গত বছর ছিল ৫৩ শতাংশ। এই ৬০ শতাংশের মধ্যে প্রায় অর্ধেক বলেছেন, তাদের ইসরাইল সম্পর্কে ‘খুবই নেতিবাচক’ ধারণা রয়েছে, যা গত চার বছরে তিন গুণ বেড়েছে। আর ৫৯ শতাংশ নাগরিক বিশ্ব রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর খুব একটা আস্থা রাখতে পারছেন না। গত বছর এই হার ছিল ৫২ শতাংশ।
গত ২৩ থেকে ২৯ মার্চের মধ্যে ৩ হাজার ৫০৭ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ নেতৃত্বে ইরানে যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক মাস পর এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
জরিপটি দেখাচ্ছে, যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী মনোভাব বাড়ছে। এর আগে একাধিক জরিপেও দেখা গেছে যে, মার্কিনরা এখন ইহুদি রাষ্ট্রের চেয়ে ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল।
জরিপের এই ফলাফল এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের নেতারাই ইসরাইলে মার্কিন সাহায্য কমানো বা পুরোপুরি বন্ধ করার দাবি তুলছেন। পাশাপাশি ইসরাইলপন্থী লবি ‘আইপ্যাক’ বিশেষ করে ডেমোক্র্যাটদের কাছে কঠোর সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে ছয়জনই ইসরাইল সম্পর্কে বর্তমানে ‘খুবই’ বা ‘কিছুটা’ নেতিবাচক মনোভাব পোষণ করেন। গত বছরের তুলনায় এই হার ৭ শতাংশ এবং ২০২২ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। ইসরাইল সম্পর্কে ‘খুবই নেতিবাচক’ ধারণা পোষণকারী নাগরিকের হার (২৮ শতাংশ) গত বছরের চেয়ে ৯ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের (১০ শতাংশ) তুলনায় প্রায় তিন গুণ। বর্তমানে ৮০ শতাংশ ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাট ঘেঁষা স্বতন্ত্র নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা রাখেন। গত বছর এই হার ছিল ৬৯ শতাংশ ও ২০২২ সালে ৫৩ শতাংশ। ৫০ বছরের কম বয়সী ডেমোক্র্যাটদের মধ্যে বয়স্কদের তুলনায় ইসরাইল সম্পর্কে অত্যন্ত নেতিবাচক মনোভাব বেশি দেখা গেছে (৪৭ শতাংশ বনাম ৩৯ শতাংশ)।
রিপাবলিকান ও রিপাবলিকান ঘেঁষা নাগরিকদের মধ্যে নেতিবাচক মনোভাবের (৪১ শতাংশ) চেয়ে ইতিবাচক মনোভাবের (৫৮ শতাংশ) পাল্লা এখনো ভারী। তবে গত বছরের তুলনায় রিপাবলিকানদের মধ্যেও নেতিবাচক দৃষ্টিভঙ্গি কিছুটা বেড়েছে, যার মূলে রয়েছে ৫০ বছরের কম বয়সীরা। বর্তমানে ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকানদের ৫৭ শতাংশই ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যা গত বছর ছিল ৫০ শতাংশ। অবশ্য ৫০ বা তার বেশি বয়সী রিপাবলিকানদের বড় অংশ এখনো ইসরাইলকে ইতিবাচকভাবে দেখেন।
ধর্মীয় গোষ্ঠীর ভিত্তিতেও ইসরাইল সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে বড় পার্থক্য দেখা গেছে। ইহুদি মার্কিন (৬৪ শতাংশ) ও শ্বেতাঙ্গ ইভানজেলিক্যাল প্রোটেস্ট্যান্টদের (৬৫ শতাংশ) অধিকাংশের মনোভাব ইসরাইলের প্রতি ইতিবাচক। অন্য দিকে শ্বেতাঙ্গ নন-ইভানজেলিক্যাল প্রোটেস্ট্যান্ট (৩৯ শতাংশ), ক্যাথলিক (৩৫ শতাংশ), কৃষ্ণাঙ্গ প্রোটেস্ট্যান্ট (৩৩ শতাংশ) এবং কোনো ধর্মের অনুসারী নন- এমন ব্যক্তিদের (২২ শতাংশ) মধ্যে ইতিবাচক মনোভাব অনেক কম। মুসলিম মার্কিনদের মাত্র ৪ শতাংশ ইসরাইলকে ইতিবাচকভাবে দেখেন। প্রায় ৫৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, বিশ্ব রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর খুব একটা বা একদমই আস্থা রাখা যায় না। গত বছরের তুলনায় এই অনাস্থার হার ৭ শতাংশ এবং ২০২৩ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মতো ডেমোক্র্যাটদের বড় একটি অংশ (৭৬ শতাংশ) ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখছেন না, যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। বর্তমানে ৫২ শতাংশ ডেমোক্র্যাট নেতানিয়াহুর ওপর ‘একেবারেই কোনো আস্থা নেই’ বলে জানিয়েছেন, গত বছর যা ছিল ৩৭ শতাংশ।