৫ ব্যাংকের সম্পদ বিক্রি করে গ্রাহকদের অর্থ ফেরতের দাবি পেশাজীবী পরিষদের

Printed Edition

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে, সম্প্রতি দেশের পাঁচটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, গ্রাহকরা তাদের জমানো বিপুল অঙ্কের অর্থ থাকা সত্ত্বেও এটিএম কার্ড বা চেকের মাধ্যমে মাত্র কয়েক হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না।

ফলে দীর্ঘ দিনের জমানো টাকা হাতে না পেয়ে বহু পরিবার চরম হতাশা ও পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ ধরনের ঘটনা পেশাজীবী সমাজসহ সমগ্র দেশবাসীকে গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন করেছে।

গতকাল সংগঠনের আহ্বায়ক জাহিদুল করিম কচি এবং সদস্যসচিব ডা: খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানান।

বিবৃতিতে তারা বলেন, ব্যাংকে রক্ষিত গ্রাহকের অর্থ যারা আত্মসাৎ করেছে, তাদের অবৈধভাবে অর্জিত সব সম্পদ অবিলম্বে জব্দ ও বিক্রির মাধ্যমে দ্রুত আমানত ফেরত দিতে হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। বিজ্ঞপ্তি।