এবারের নির্বাচনের পরিবেশ ভালো : ইসি সানাউল্লাহ

Printed Edition
back-1
পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ : নয়া দিগন্ত

পটুয়াখালী প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, ‘সার্বিকভাবে বাংলাদেশের নির্বাচনের সময় যে পরিবেশ থাকে, সেই তুলনায় এবারের পরিবেশ ভালো। এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যাসেসমেন্ট। ঘটনা যে ঘটছে না তা নয়, এগুলো না ঘটলে আরো ভালো হতো।

শুক্রবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন চায় ১০০ ভাগ মানুষ ভোটকেন্দ্রে আসুক। আমরা সহায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি করব, করেছি এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের সময় কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং প্রতিদ্বন্দ্বিতার সময় কিছু শব্দ চয়ন হয়, সমর্থকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইউফোরিয়া কাজ করে, এগুলো যাতে সীমিত পর্যায়ে থাকে, সবাই যেন পরিমিতি বোধের মধ্যে কাজ করে, এটাই আমাদের মেসেজ।

নির্বাচন কমিশনার আরো বলেন, ‘আমরা চাই না যে কোথাও নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হোক। এর কারণ আমরা সবাই এই সমাজেই বাস করব নির্বাচনের পরও।

পটুয়াখালীর নির্বাচনের পরিবেশ সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ‘এখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমি অবহিত হয়েছি। আমাদের নির্বাচন কমিশনের পক্ষে থেকে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে আবারো উল্লেখ করেছি। আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এখানকার প্রিপারেশন দেখে এবং অত্যন্ত আশাবাদী যে পটুয়াখালীতে খুব ভালো নির্বাচন হবে।