এস আলম পরিবারের স্টিল মিলের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক
Printed Edition
এস আলম পরিবারের প্রতিষ্ঠান ইউনিটেক্স স্টিল মিলস লিমিটেডের নামে ঋণ নিয়ে খেলাপি হওয়া ৭০৮ কোটি টাকা পরিশোধ না করায় বন্ধককৃত ৯৪০ গণ্ডা (১৮৮০ ডেসিমেল) জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখা। গতকাল এসব সম্পদ নিলামের বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুরে স্টিল ইন্ডাস্ট্রিজ স্থাপনের নামে ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখা হতে বিনিয়োগ সুবিধা নেন এস আলমের মেয়ে, মেয়ে জামাই এবং তাদের ঘনিষ্ঠজনদের নামে। ২০২২ সালে ওই বিনিয়োগ নেয়া হলেও অদ্যাবধি ফ্যাক্টরি স্থাপনের কাজ শেষ হয়নি। পাশাপাশি নির্ধারিত কিস্তিও খেলাপি হয় প্রতিষ্ঠানটির।
ঋণ নেয়ার সময় প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ঠিকানা দেখানো হয়েছে চট্টগ্রামের আগ্রাবাদের সিঅ্যান্ডএফ টাওয়ারে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখানো মোহাম্মদ শহীদুল্লাহ কাইছার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মেয়ে জামাই বেলাল আহমেদের নিকটাত্মীয়। বাড়ি কক্সবাজারের টেকনাফে। আর এই বিনিয়োগ সুবিধার গ্যারান্টর হিসেবে রয়েছেন সাইফুল আলম মাসুদের মেয়ে মায়মুনা খানম ও স্বামী বেলাল আহমেদ। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে রয়েছেন মো: মোহাইমেনুল ইসলাম চৌধুরী। তার স্থায়ী ঠিকানায় লেখা আছে আইপিএল সিটি সেন্টার (৫ম তলা), ১৬২, ও.আর. নিজাম রোড, গোলপপাহাড় মোড়, চট্টগ্রাম।
ব্যাংক সূত্র জানিয়েছে, ইউনিটেক্স স্টিলের সংশ্লিষ্টদের কাছে গত ২৫ মার্চ তারিখ পর্যন্ত লভ্যাংশসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা মোট টাকা ৭০৮,২৭,৯৭,৬৬৫.০০ (৭০৮ কোটি ২৭ লাখ ৯৭ হাজার ৬৬৫ টাকা)।
উল্লেখিত টাকা এবং ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের জন্য অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ১২(৩) ধারা অনুযায়ী এসব বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৯ মে নিলামের তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি।
সূত্র জানিয়েছে, উল্লেখিত বিনিয়োগের বিপরীতে যেসব সম্পত্তি বন্ধক রাখা হয়েছে সেসবের অবস্থান ফেনীর ছাগলনাইয়াস্থ দৌলতপুর মৌজায়।