সেন্টমার্টিনে যাতায়াত ৯ মাসের জন্য বন্ধ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিনে যাতায়াত আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে। গত দুই মাসে এক লাখ ১৭ হাজার পর্যটক এই দ্বীপে ভ্রমণ করেছেন। সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত থাকলেও এবার সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। আর নভেম্বর মাসে পর্যটকদের রাতযাপনও নিষিদ্ধ ছিল। চলতি মৌসুমের শেষ দিনে গতকাল শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করেছে। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত দ্বীপটিতে আজ থেকে আগামী ১ নভেম্বর পর্যন্ত কোনো পর্যটক যেতে পারবেন না। এতে করে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক করে প্রায় এক লাখ ১৭ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। তবে পর্যটকসংখ্যা বেশি হলেও স্থানীয় ব্যবসায়ীরা তেমন লাভবান হননি। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেন্ট মার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, বেশির ভাগ ব্যবসায়ী লাভ তো দূরের কথা, বরং লোকসানে পড়েছেন। নির্বাচন শেষে যদি আবার পর্যটন চালু করা হয়, তাহলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ থাকবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের প্রায় সব মানুষ পর্যটনখাতের সাথে যুক্ত। হঠাৎ করে ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় সবাই হতাশ হয়ে পড়েছেন। এ দিকে মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত বা আরো চার মাস পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, গতকাল সকাল ৭টার দিকে শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা জেটিঘাট থেকে ছয়টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। জাহাজগুলোতে কোনো পর্যটক ছিল না। বেলা ১টার দিকে জাহাজগুলো ১২০ কিলোমিটারের সাগরপথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাটে পৌঁছেছে। বিকেল ৩টা নাগাদ সেখানে অবস্থান করা অন্তত দুই হাজার ৫০০ পর্যটক নিয়ে জাহাজগুলো ফের কক্সবাজার শহরে ফিরে আসে। হোটেল-মোটেলের আরো ৫০০ কর্মী কয়েকটি কাঠের ট্রলারে দ্বীপ ছেড়েছেন।
৮ বর্গকিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত বছরের ২২ অক্টোবর ১২টি নির্দেশনাসংবলিত প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে তিন মাসের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত থাকবে। দৈনিক দুই হাজার পর্যটক দ্বীপ ভ্রমণে যেতে পারবেন। তবে নভেম্বর মাসে দ্বীপে রাত যাপন করতে পারবেন না। ডিসেম্বর-জানুয়ারি, এই দুই মাস রাতযাপনের সুযোগ রাখা হয়েছে।