আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রফতানির সুযোগ দিচ্ছে চীন

Printed Edition

সিজিটিএন

আফ্রিকার সবচেয়ে বড় ২০টি অর্থনীতির দেশের জন্য শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিয়েছে গণচীন। এর মাধ্যমে আফ্রিকার ৫৪ দেশের ৫৩টি দেশই এখন চীনের বাজারে শুল্কমুক্ত রফতানির সুযোগ পাবে। আগামী দুই বছরের জন্য আফ্রিকার দেশগুলোকে চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হয়েছে। শুক্রবার থেকে এই শুল্কমুক্ত সুবিধা কার্যকর হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক বাড়ানোর মাধ্যমে সুরক্ষাবাদী নীতি জোরদার করলেও ঠিক উল্টো পথ অনুসরণ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানিকৃত গাড়ি-ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

আফ্রিকার যেসব দেশ চীনের এই শুল্কমুক্ত সুবিধা পাবে সেগুলো হচ্ছে- দক্ষিণ আফ্রিকা, মিসর, নাইজেরিয়া, আলজেরিয়া ও কেনিয়াসহ আফ্রিকার শীর্ষ অর্থনীতিগুলো। এর আগে চীন ৩৩টি অপেক্ষাকৃত দরিদ্র আফ্রিকান দেশের জন্যও শুল্ক তুলে নিয়েছিল। ফলে এখন আফ্রিকার ৫৪টির মধ্যে ৫৩টি দেশ এই সুবিধা পাচ্ছে।

শুধু ইসওয়াতিনি দেশটি চীনের এই শুল্কমুক্ত সুবিধার বাইরে রয়েছে। এই দেশটি সুবিধা না পাওয়ার মূল কারণ এটি একমাত্র আফ্রিকান দেশ যা তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

চীনের স্টেট কাউন্সিলের শুল্ক কমিশন বলেছে, এই উদ্যোগ চীন ও আফ্রিকার পারস্পরিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, নতুন নীতির আওতায় দক্ষিণ আফ্রিকা থেকে ২৪ মেট্রিক টন আপেলের একটি চালান শুক্রবার (১ মে) শেনঝেনে পৌঁছেছে যা প্রথম শুল্কমুক্ত পণ্য হিসেবে চীনের বাজারে প্রবেশ করেছে।