যুব ক্রিকেট লিগ আজ থেকে শুরু

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

লংগার ভার্সন ফরম্যাটে তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে আজ থেকে শুরু ‘ইয়ুথ ক্রিকেট লিগের’ চার দিনের আসর। লিগ-ভিত্তিক এবারের আসরে মোট চারটি দল সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন এবং সাউথ জোন অংশ নেবে। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ কক্সবাজার স্টেডিয়ামের দু’টি ভেনুতে অনুষ্ঠিত হবে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামের মূল ভেনুতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সেন্ট্রাল জোন এবং সাউথ জোন। দিনের আরেক ম্যাচে কক্সবাজার ক্রিকেট অ্যাকাডেমিতে লড়বে ইস্ট জোন ও নর্থ জোন।

লিগ পর্বে একবার করে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল শিরোপা জিতবে। যদি লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের পয়েন্ট সমান হয় তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

ঢাকা ও ঢাকা মেট্রো বিভাগের খেলোয়াড়দের নিয়ে সেন্ট্রাল জোন দল গঠন করা হয়েছে। নর্থ জোন দল গঠিত হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের খেলোয়াড়দের সম্বনয়ে। ইস্ট জোনে রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের খেলোয়াড়রা এবং সাউথ জোন থাকছে বরিশাল ও খুলনার খেলোয়াড়রা।