যাদুকাটার পাড় ধসে শ্রমিক নিহত, আহত ৫

Printed Edition

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় ধসে বালুচাপায় লেয়াকত আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল রোববার ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া জালরটেক এলাকার একটি বাঁশ বাগানসংলগ্ন নদীতীরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে শ্রমিকরা ওই এলাকায় বালু উত্তোলন করতে গেলে হঠাৎ নদীর পাড় ধসে পড়ে। এতে লেয়াকত আলী বালুচাপা পড়েন। সহকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। নিহত লেয়াকত আলী বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, নিয়ম বহির্ভূতভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।