মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশী নিহত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
মালদ্বীপের ধিগুরাহ দ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য নির্মাণাধীন একটি আবাসিক ব্লকে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশী শ্রমিক মারা গেছেন এবং গুরুতর আহত হয়েছেন দু’জন। মালদ্বীপের পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। দগ্ধ আটজনকে চিকিৎসার জন্য ধিগুরাহ স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। মালে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর মো: সোহেল পারভেজ গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, শফিকুল ইসলাম ও নূর নবী সরকার। আহত দু’জন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার ভোরে সেহেরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর লেবার কোয়ার্টারে থাকা ৩৮ জন প্রবাসী বাংলাদেশীর মধ্যে সাতজন গুরুতর অগ্নিদ্বগ্ধ হন। অন্যরা অন্য রুমে ঘুমিয়ে ছিলেন। দ্রুত স্থানীয় নাগরিক এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে পাঁচ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয় এবং অন্য দু’জনকে গুরুতর আহতাবস্থায় রাজধানী মালেতে স্থানান্তর করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
শ্রম কাউন্সেলর মো: সোহেল পারভেজ, ‘এ মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। হাইকমিশন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং নিহতদের মৃতদেহ যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত আনার জন্য সংশ্লিষ্ট মালদ্বীপ কর্তৃপক্ষের সাথে কাজ করছে।’
তিনি জানান, অগ্নিকাণ্ডে আরো দু’জন বাংলাদেশী শ্রমিক জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন তারা মালেতে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
তিনি বলেন, ‘আহত শ্রমিকরা আইজিএম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা তাদের শারীরিক অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখছি। আমাদের মিশন তাদের এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।’
তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় হাইকমিশনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।
ধিগুরাহ কাউন্সিলের সভাপতি ইব্রাহিম উসমান দেশটির স্থানীয় গণমাধ্যমকে জানান, আবাসিক ব্লকে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
ঘটনাটি তদন্তের জন্য একজন চিকিৎসকসহ একটি বিশেষ তদন্ত দল ধিগুরাহে পাঠানো হয়েছে বলে জানান উসমান।
জামায়াত সেক্রেটারি জেনারেলের গভীর শোক
মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
গতকাল দেয়া বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আজ ভোরে মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে যাওয়া এই পরিশ্রমী প্রবাসী ভাইদের এভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী।’
বিস্ফোরণে গুরুতর আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে জামায়াত সেক্রেটারি জেনারেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ দাবি জানিয়ে বলেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে এবং নিহতদের লাশ সরকারি খরচে দ্রুত দেশে এনে তাদের পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।