আফ্রিকায় ২৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা ফ্রান্সের

Printed Edition

আলজাজিরা

কেনিয়ার রাজধানী নাইরোবিতে আয়োজিত ‘আফ্রিকা ফরোয়ার্ড’ সম্মেলনে আফ্রিকার জন্য ২৩ বিলিয়ন ইউরো বা প্রায় ২৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার সম্মেলনের প্রথম দিনে ম্যাক্রোঁ বলেন, আফ্রিকা ও ফ্রান্সের মধ্যে এখন ‘সমঅধিকারের অংশীদারিত্ব’ তৈরি হয়েছে। এই বিনিয়োগের মধ্যে ১৪ বিলিয়ন ইউরো আসবে ফরাসি কোম্পানিগুলোর সরকারি ও বেসরকারি তহবিল থেকে এবং ৯ বিলিয়ন ইউরো আসবে আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এই অর্থ মূলত জ্বালানি রূপান্তর, কৃষি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্যয় করা হবে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে ম্যাক্রোঁ জানান, এই বিনিয়োগের ফলে ফ্রান্স ও আফ্রিকায় অন্তত ২ লাখ ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রথমবারের মতো ইংরেজি ভাষাভাষী কোনো আফ্রিকান দেশে এই সম্মেলনের আয়োজন করল ফ্রান্স। নাইরোবি কনভেনশন সেন্টারে ৩০টিরও বেশি আফ্রিকান দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের উপস্থিতিতে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা কেবল এখানে বিনিয়োগ করতে আসিনি, আমরা চাই আফ্রিকার বড় বড় ব্যবসায়ী নেতারাও ফ্রান্সে গিয়ে বিনিয়োগ করুক। আমাদের এই সম্পর্ক এখন সব ধরনের জড়তামুক্ত।’ বিশ্লেষকদের মতে, আফ্রিকার সাবেক উপনিবেশগুলোতে প্রভাব কমার পর এখন ইংরেজি ভাষাভাষী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে চাইছে ফ্রান্স। সম্মেলনে আফ্রিকার শীর্ষ ধনী নাইজেরিয়ার শিল্পপতি আলিকো ডাঙ্গোটে এবং ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জিস ও অরেঞ্জের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরাসি শিপিং গ্রুপ সিএমএ সিজিএম কেনিয়ার মোম্বাসা বন্দর আধুনিকীকরণে ৭০০ মিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।