টানা পতনের পর ইতিবাচক ধারায় পুঁজিবাজার

ডিএসইর এটিবিতে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক বন্ড

Printed Edition

অর্থনৈতিক প্রতিবেদক

দরপতনে টানা সাত দিন পার করার পর আবার ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার। গতকাল মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই সব সূচকের কমবেশি উন্নতি ঘটে। এ ছাড়াও বড় ধরনের উন্নতি ঘটে ঢাকা শেয়ারবাজারের লেনদেনে। গতকাল এক হাজার ১০০ কোটি টাকা অতিক্রম করে পুঁজিবাজারটির লেনদেন। ব্লক মার্কেটে এককভাবে ব্র্যাক ব্যাংকের ৩৩৫ কোটি টাকার শেয়ারের হাতবদলের কারণেই লেনদেনের এ উন্নতি। ব্লক মার্কেটে মোট লেনদেন ছিল ৩৭২ কোটি টাকা। আবার স্বাভাবিক মার্কেটে ব্র্যাক ব্যাংকের লেনদেন ছিল ১০ কোটি টাকার কিছু বেশি।

বেশ কয়েক দিন পর পুঁজিবাজার সূচকের উন্নতি বিনিয়োগকারীদের কিছুটা আশ^স্ত করেছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, সূচকের ওঠানামা পুঁজিবাজারের স্বাভাবিক ধর্ম হলেও যখন কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া বাজারে ধারাবাহিক পতন ঘটে তখনবাজারে হতাশা তৈরি হয়। সে হিসাবে যথাসময়েই ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এর ফলে স্বস্তি ফিরবে বাজারে।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ২৪ দশমিক ৬৯ পয়েন্ট বৃদ্ধি পায়। ৫ হাজার ২০৫ দশমিক ২৬ পয়েন্ট থেকে সকালে লেনদেন শুরু করা সূচকটি দিনশেষে পৌঁছে যায় ৫ হাজার ২২৯ দশমিক ৯৫ পয়েন্ট। এ সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ৪ দশমিক ১৩ ও ৭ দশমিক ৯৪ পয়েন্ট। অনুরূপভাবে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল ৩৪ দশমিক ৫৫ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। বাজারটির দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ২ দশমিক ৯০ ও ২০ দশমিক ০১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উন্নতি ঘটেছে লেনদেনেও। ডিএসই গতকাল এক হাজার ১০১ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে, যা আগের দিনের চেয়ে ৩৮৭ কোটি টাকা বেশি। মূলত ব্লক মার্কেটে নির্দিষ্ট একটি কোম্পানির বড় অঙ্কের শেয়ারের হাতবদলের কারণেই লেনদেনের এ উন্নতি। এদিন ডিএসইতে ব্লক লেনদেন নিষ্পত্তি হয়েছে ৩৭২ কোটি টাকার। চট্টগ্রাম শেয়ারবাজারে ২০ কোটি টাকা থেকে লেনদেন পৌঁছে ২১ কোটি টাকায়।

এ দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসির দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড। গতকাল স্টক এক্সচেঞ্জটির অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) প্ল্যাটফর্মে এই বন্ডটি যুক্ত হয়েছে। বন্ডটির ট্রেডিং কোড ‘বিবিএলটুএনডিএসবিএল’ এবং স্ক্রিপ কোড ‘৫৫০০৮’। গতকাল প্রথম দিন এটি ‘পি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।

বন্ডটির প্রতি ইউনিট ১০ লাখ ৫৬১ টাকায় লেনদেন শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত মাত্র ৩টি হাওলায় বন্ডটির ১০টি ইউনিট হাতবদল হয়েছে। তবে শেষ দিকে প্রতি ইউনিটের দাম ৫৬১ টাকা কমে ১০ লাখ টাকায় নেমে আসে। জানা গেছে, বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি। এর প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডটির অবশিষ্ট মেয়াদ রয়েছে ৪ বছর ১০ মাস। এর ইস্যু তারিখ ছিল ১১ মার্চ ২০২৪।

এ বন্ডের কুপন হার নির্ধারণ করা হয়েছে বার্ষিক ১২ দশমিক ৫৯ শতাংশ। বিনিয়োগকারীদের প্রতি ছয় মাস অন্তর কুপন পরিশোধ করা হবে। বন্ডটি নন-কনভার্টিবল, সম্পূর্ণ রিডিমেবল, কুপন বহনকারী, ফ্লোটিং রেট, আনসিকিউরড এবং সাব-অর্ডিনেটেড প্রকৃতির। ডিএসইতে তালিকাভুক্তির জন্য বন্ডটির মোট ইস্যু আকার ৭০০ কোটি টাকা। এতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডটির রিডেম্পশন (অবসায়ন) পদ্ধতি হবে বার্ষিক ভিত্তিতে। ইস্যুর তারিখ থেকে তৃতীয় বছরের শেষে অর্থাৎ প্রতি বছরের ১১ মার্চ থেকে রিডেম্পশন কার্যক্রম শুরু হবে।

বন্ডটি লেনদেনের ক্ষেত্রে প্রথম দুই কার্যদিবস বিশেষ সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। প্রথম কার্যদিবসে বার্ষিক কমপক্ষে ১০ শতাংশ ডিসকাউন্ট রেটে নির্ধারিত বর্তমান মূল্যের ওপর ৪ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর থাকবে। দ্বিতীয় কার্যদিবসে রেফারেন্স মূল্যের ওপর একই হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। তৃতীয় কার্যদিবসে লেনদেন স্থগিত থাকবে। এরপর চতুর্থ কার্যদিবস থেকে নিয়মিত ৫ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর হবে।

ডিএসইতে গতকালও লেনদেনের শীর্ষস্থানটি দখলে রাখে সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিকস। ৩৫ কোটি ৩৫ লাখ টাকায় কোম্পানিটির ৩৪ লাখ ৫৩ হাজার শেয়ার হাতবদল হয় গতকাল। ২৬ কোটি ৯৫ লাখ টাকায় ৩৬ লাখ ৬৪ হাজার শেয়ার বেচাকেনা করে তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল প্রকৌশল খাতের ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে একমি পেস্টিসাইডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসিবি) ওরিয়ন ইনফিউশন, স্যালভো কেমিক্যালস, আনোয়ার গ্যালভেনাইজিং, লাভেলো আইসক্রিম ও বিডি থাই ফুডস।

এদিন ডিএসইর মূল্যবৃদ্ধিতে শীর্ষ কোম্পানি ছিল আর ডি ফুডস। গতকাল নিয়ে টানা দ্বিতীয় দিন কোম্পানিটি দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে বেচাকেনা হয় যাতে মূল্যবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ। ৯ দশমিক ৮৪ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে এ তালিকায় দ্বিতীয় কোম্পানি ছিল সাধারণ বীমা খাতের ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স। ডিএসইর মূল্যবৃদ্ধিতে শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে ভিএসএফ থ্রেড লিমিটেড, একমি পেস্টিসাইডস, নর্দার্ন ইসলামিক ইন্স্যুরেন্স, এম এল ডাইং, ফেডারেল ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, আনোয়ার গ্যালভেনাইজিং ও ইভেন্স টেক্সটাইলস।

গতকাল ডিএসইর দরপতনের শীর্ষ কোম্পানি ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। গতকাল ৬ দশমিক ২১ শতাংশ দর হারায় কোম্পানিটি। ৬ দশমিক ০১ শতাংশ দর হারিয়ে তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল মুন্নু সিরামিকস। কয়েক দিন টানা বৃদ্ধির পর গতকাল দর হারায় কোম্পানিটি। দরপতনে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ভিএএমএল ব্যালেন্সড ফান্ড, বে লিজিং, রিলায়েন্স ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এফএএস ফিন্যান্স।