এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে প্রার্থী হচ্ছেন না
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তবে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টির জন্য একটি ঐতিহাসিক দিন। একদিকে আমাদের মনোনীত প্রার্থীরা আসন সমঝোতার ভিত্তিতে দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, অন্যদিকে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম কাণ্ডারি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন।’
নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আসিফ মাহমুদ ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি রাজপথে সাহসী ভূমিকা পালন করেন এবং ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা তার কণ্ঠ থেকেই আসে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দক্ষতার সাথে পরিচালনা করেন বলেও উল্লেখ করেন তিনি।