নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে অফিস চলাকালীন সময়ে এক কর্মচারীকে ঘুমিয়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, সোমবার (৩ আগস্ট) বেলা প্রায় সাড়ে ৩টার দিকে গয়াবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ওই সময় অফিসে উপস্থিত কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট কর্মচারীকে দাফতরিক সময়ে ঘুমিয়ে থাকতে দেখেন। পরে ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকারি দফতরে দাফতরিক শৃঙ্খলা, কর্মঘণ্টায় দায়িত্ব পালন এবং জনসেবার মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। স্থানীয়দের অভিযোগ, সরকারি অফিসে সেবা নিতে এসে এ ধরনের দৃশ্য জনমনে নেতিবাচক বার্তা দেয় এবং সরকারি সেবার প্রতি আস্থাকে ক্ষুণ্ন করে।
গয়াবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু রাইয়ান বলেন, ‘বিকেল ৪টায় উপজেলায় মিটিং থাকায় আমি সাড়ে ৩টার দিকে অফিস থেকে বের হয়ে যাই। এরপর শামসুন নাহার অফিসে ছিলেন। তিনি কয়েক দিন ধরে অসুস্থতায় ভুগছেন। তবে ঘটনাটি জানার পর ইতোমধ্যেই তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।’
ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, ‘অফিস চলাকালীন সময়ে দায়িত্ব পালনে অবহেলার কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান বলেন, ‘ঘটনার পর সংশ্লিষ্ট কর্মচারীকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তার লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, অভিযুক্ত কর্মচারীর বক্তব্য নেয়ারও চেষ্টা করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।