সিটির ড্র’য়ে আরো এগিয়ে আর্সেনাল
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইত্তিহাদ স্টেডিয়ামে গেল সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। সপ্তাহ ঘুরতেই আবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে সিটিজেনরা। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপার পথে আরো পিছিয়ে পড়ল পেপ গার্দিওলার দল। এ দিকে লিগে দিনের আগে ম্যাচে শেষের গোলে দারুণ জয় পেল আর্সেনাল। আর এই জয়ে লিগ শিরোপা জয়ে ম্যানসিটি থেকে আরো এগিয়ে গেল মিকেল আর্তেতার দল।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে গত পরশু অসংখ্য সুযোগ হাতছাড়া করে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে এর পরও ম্যাচের ৩১ মিনিটে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে গিয়েছিল সিটিজেনরা। কিন্তু চার মিনিট পরই ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান কনস্টান্টিনোস মাভ্রোপানোস। দ্বিতীয়ার্ধে আক্রমণের জোয়ারে ওয়েস্ট হ্যামকে ভাসিয়ে দিতে চাইলেও গোলের খেলা ফুটবলে জালের দেখা পেল না ম্যানসিটি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এ দিকে এমিরেটস স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে অসংখ্য আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। অবশেষে ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট ভিক্টর গায়কেরেসের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। আর যোগ করা সময়ের সপ্তম মিনিটে নজরকাড়া পারফরম্যান্সে ২-০ গোলের জয় এনে দেন ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান। এই জয়ে আপাতত ম্যানচেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৬১।
স্প্যানিশ লা লিগায় এ দিন বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সহজ জয়ে বার্সেলোনার সাথে ব্যবধান কমাল বার্নাব্যুর দলটি। এলচের বিপক্ষে প্রথমার্ধের অনেকটা সময় আক্রমণে আধিপত্য করলেও প্রথম গোলের দেখা পেতে হয়েছে ম্যাচের ৩৯ মিনিটে। রিয়ালকে প্রথমে এগিয়ে নেন আন্তোনিও রুডিগার। এরপর ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আক্রমণভাগে দুর্দান্ত সময় কাটানো ফেদরিকো ভালভার্দে। ৬৬ মিনিটে স্বাগতিকদের ৩-০তে এগিয়ে নেন ডিন হাউসেন। ৮৫ মিনিটে মেনোয়েল অ্যাঞ্জেলের আত্মঘাতউ গোলে ৩-১ ব্যবধান করে এলচে। ৪ মিনিট পরই আর্দা গুলের জালের দেখা পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ দিন গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে জিরোনা। ভ্যালেন্সিয়াকে ১-০তে হারিয়েছে রিয়াল ওভেইদো। ২৯ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে তৃতীয় অ্যাথলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৭ পয়েন্ট নিয়ে চূড়ায়।
জার্মান বুন্দেসলিগায় এদিন ৯ জন নিয়েও বায়ার লেভারকুজেনের সাথে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। এই ড্র’র পরও ২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বাভারিয়ানরা। তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। আর ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে বায়ার লেভারকুজেন।
ইতালিয়ান সিরি ‘আ’তে পয়েন্ট হারাল টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলান। সান সিরোতে গত পরশু ১-১ গোলে ড্র করেছে আটালান্টার বিপক্ষে। এ দিন লেসেকে ২-১ ব্যবধানে হারিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। উদিনিচের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস। ড্র করেও ২৯ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় নাপোলি। আর চতুর্থ অবস্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় অবস্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৬০।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে শার্লটে এফসির বিপক্ষে গতকাল গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসিবিহীন ইন্টার মিয়ামি। সৌদি প্রো লিগে এদিন ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নেমে আল খালেজকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর।