ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
খুলনার ৬টি আসনে মনোনয়ন ফরম তুলেছেন ৩৮ জন
সবগুলো আসনের প্রার্থী বিএনপি ও জামায়াতের
Printed Edition
খুলনা ব্যুরো
খুলনার ছয়টি আসনে গতকাল বুধবার পর্যন্ত ৩৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সর্বাধিক ১২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর) আসনের এবং সর্বনিম্ন ৩ জন সংগ্রহ করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে। সবগুলো আসনে কেবল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন। আর দুইটি আসনে বিএনপির হয়ে একাধিক মনোনয়নপত্র নেয়া হয়েছে।
খুলনার রিটার্নিং অফিসারের দফতর সূত্রে জানা যায়, খুলনা-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বিএনপির আমির এজাজ খান, স্বতন্ত্র গোবিন্দ হালদার, ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন ও সিপিবির কিশোর কুমার রায়।
খুলনা-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ও মো: শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসেইন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি আমান উল্লাহ ও খেলাফত মজলিসের মো: শহিদুল ইসলাম।
খুলনা-৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের মো: আ: আউয়াল ও খেলাফত মজলিসের এফ এম হারুণ অর রশিদ, স্বতন্ত্র আবদুর রউফ মোল্লা ও আবুল হাসনাত সিদ্দিক এবং বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এমন আরো পাঁচজন।
খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর মো: কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ ও খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন, বিএনপির এস কে আজিজুল বারী, স্বতন্ত্র এ এস এম আজমল হোসেন ও জাতীয় পার্টির সৈয়দ আবুল কাসেম।
খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, বিএনপির আলী আসগর লবি, শফি মোহাম্মদ খান ও মো: মোশাররফ হোসেন, সিপিবির চিত্তরঞ্জন গোলদার ও জাতীয় পার্টির শামীম আরা পারভীন (ইয়াসমিন)।
খুলনা-৬ আসনে বিএনপির এম এম মনিরুল হাসান (বাপ্পী), জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র মো: আছাদুল বিশ^াস।
সব মিলিয়ে খুলনার ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহের চিত্রে নির্বাচনী মাঠে প্রাথমিক আগ্রহ ও প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের সক্রিয় উপস্থিতির পাশাপাশি কয়েকটি আসনে একাধিক মনোনয়ন সংগ্রহ হওয়ায় দলীয় অভ্যন্তরীণ প্রতিযোগিতাও স্পষ্ট হয়েছে। বিশেষ করে খুলনা-৩ আসনে তুলনামূলক বেশি প্রার্থী মনোনয়ন নেয়ায় এ আসনকে ঘিরে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রকৃত রাজনৈতিক হিসাব-নিকাশ ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র পরিষ্কার হবে।