বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক
বেসরকারি বিল কার্যকরে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাবের কার্যকারিতা বাড়াতে সংসদ সদস্যদের আরো সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। একই সাথে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে বেসরকারি বিল উত্থাপনে সদস্যদের উৎসাহিত করা এবং বিলের খসড়া প্রণয়নে প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদারের সুপারিশ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো: শাহজাহান এমপি। বৈঠকে অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান, মো: আমানউল্লাহ আমান, মো: আবুল খায়ের ভূঁইয়া, মোছা: তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী ও মো: নূরুল ইসলাম।
বৈঠকে পরিচিতি পর্ব শেষে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। এ ছাড়া কমিটির কার্যপরিধি, বেসরকারি বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংবিধান ও কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি বিল উত্থাপনে সব সংসদ সদস্যকে সচেতন করতে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেয়া হয়। একই সাথে সংসদ সদস্যদের বেসরকারি বিলের খসড়া প্রস্তুতকরণে প্রয়োজনীয় সহায়তা দিতে জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরো সচেষ্ট হওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।