রাজশাহী টিটিসিতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অস্থিতিশীলতা সৃষ্টি করতে একটি মহল অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। একের পর এক অপতৎপরতায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং চরম মানসিক চাপে পড়েছেন টিটিসির শীর্ষ কর্মকর্তারা। পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত থানা পুলিশের শরণাপন্ন হতে হয়েছে কর্তৃপক্ষকে।

টিটিসির হিসাবরক্ষক ফরহাদ হোসেন বলেন, বহিরাগত কিছু লোককে ব্যবহার করে একটি মহল বর্তমান অধ্যক্ষ ও তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কেউ কেউ ফোন করে অনৈতিক সুবিধা দাবি করছেন, আবার কেউ নানাভাবে মানসিক চাপ সৃষ্টি করছেন। এতে করে টিটিসির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি দাবি করেন, অস্থিতিশীলতা বজায় রেখে অনৈতিক সুবিধা আদায়ই এই অপচেষ্টার মূল লক্ষ্য। এ কারণে বাধ্য হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বলেন, ব্যক্তিস্বার্থ ও প্রতিহিংসা থেকে একটি মহল তার এবং এক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বহিরাগতদের ব্যবহার করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণœ করার চেষ্টা চলছে। তিনি স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ দিকে এই ষড়যন্ত্রে প্রতিষ্ঠানটির এক সাবেক অধ্যক্ষ ও এক সাবেক স্টোরকিপার জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ উঠেছে।