ওসমান হাদির খুনিদের আনতে ভারতের সাথে কথাবার্তা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা

Printed Edition

সিলেট ব্যুরো

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. হুমায়ুন কবির বলেছেন, পলাতক শেখ হাসিনা ভারতে থেকে যেন কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারতকে এটি নিশ্চিত করতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে অগ্রাধিকার দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, অপরাধীদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সাথে কথাবার্তা চলছে। বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি বলেন, গত দেড় দশক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল না, ছিল শেখ হাসিনার সাথে। সম্পর্ক করতে হবে দুই দেশের জনগণে সাথে। বর্তমান সরকার সে চেষ্টা করছে।

শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব চেয়ে নিকটবর্তী প্রতিবেশী হিসেবে ভারতের সাথে সুসম্পর্কই স্বাভাবিক শিষ্টাচার। তবে সেখানে আশ্রয় নেয়া শেখ হাসিনা যেন কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে, সে বিষয়টি ভারতকে নিশ্চিত করতে হবে।

এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সিলেটের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। এ ছাড়া হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

হুমায়ুন কবির বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপস করা হবে না। প্রশাসনকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে; এতে সরকারের পূর্ণ সমর্থন থাকবে। সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা প্রয়োজন, সরকার তা করবে।

সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তুরস্কের সাথে বিভিন্ন সেক্টরে কো-অপারেশন আছে। তাদের সাথে ঐতিহাসিক সম্পর্ক আমাদের, ব্রাদারলি সম্পর্ক আমাদের অনেক দিনের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই সম্পর্কের সূচনা হয়েছিল। ইনশা আল্লাহ এটাকে আমরা আরো জোরদার করব।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো: সারোয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেকসহ বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা