প্রতিবন্ধীর দোকান ভাঙচুর ও দখল চেষ্টা সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি
Printed Edition
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কইডুবি সদরদী গ্রামে এক প্রতিবন্ধী ব্যক্তির মুদি দোকান ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান গত মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের কইডুবি সদরদী গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন সরকারি জায়গায় দীর্ঘ দিন ধরে ছোট একটি মুদি দোকান চালিয়ে আসছিলেন মিজানুর রহমান। তিনি নিজে প্রতিবন্ধী এবং তার চার সন্তানসহ পরিবারের একমাত্র উপার্জনের উৎস তার এই দোকান।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি একই এলাকার সাবেক কাউন্সিলর জাহিদ ফকির ও নাহিদ ফকিরের নেতৃত্বে কয়েকজন ওই জায়গাটি দখলের চেষ্টা করেন। তারা মিজানুরকে দোকান সরিয়ে নিতে চাপ দেন। একপর্যায়ে গত সোমবার বিকেলে অভিযুক্তরা সঙ্ঘবদ্ধভাবে এসে দোকানঘরটি ভেঙে ফেলেন এবং ভেতরের মালামাল নিয়ে যান। বাধা দিলে মিজানুর ও তার পরিবারের সদস্যদের মারধর করে।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, এই দোকানটাই তাদের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল। সেটিও ভেঙে দেয়া হয়েছে। এখন পরিবার নিয়ে পথে বসা ছাড়া আপায় নেই। এ সময় তার স্ত্রী সোনিয়া, বাবা কুদ্দুস মোল্লা এবং দুই সন্তান উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গত মঙ্গলবার ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ডালিম মিয়া বলেন, অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে অভিযুক্ত জাহিদ ফকিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।