আইআইইউসির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে প্রফেসর এস এম এ ফায়েজ

একটি আলোকিত সমাজ গড়তে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গত এক দশকে উচ্চশিক্ষা একটি বহুমাত্রিক পর্যায়ে উন্নীত হয়েছে। যা বিপুলসংখ্যক যুবককে বিশ^বিদ্যালয়-শিক্ষা গ্রহণ করে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষমতা দান করছে। বিশ^বিদ্যালয় একটি কেন্দ্রের মতোই সেবা দান করে যেখানে জ্ঞানের সৃষ্টি এবং প্রয়োগ হয়। তিনি আরো বলেন, একটি সমাবর্তন গ্র্যাজুয়েটদের ক্লান্তিহীন প্রচেষ্টা, নির্ঘুম রাত আর অবিচল অঙ্গীকারের দীর্ঘ প্রতীক্ষার গৌরবময় উদযাপন। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যোগ্য, সৎ ও নৈতিকতা-সচেতন নাগরিক উপহার দেয়ার মিশন ও ভিশনে আইআইইউসি এখনো দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে। জাতীয় অগ্রগতি ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষা একটি শক্তিশালী হাতিয়ার। একটি প্রাগ্রসর আলোকিত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই। ব্যয় নির্বাহযোগ্য উচ্চমানের শিক্ষা যুব সমাজের ক্ষমতায়ন করে, অসাম্য কমায় এবং জাতিকে শক্তিশালী করে।

গতকাল শনিবার সকালে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে আইআইইউসির চ্যান্সেলরের ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এই অভিমত ব্যক্ত করেন। এতে সমাবর্তন বক্তা ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সালেহ হাসান নাকিব। স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আ. ন. ম. শামসুল ইসলাম। মঞ্চে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আইআইইউসির ট্রেজারার এবং সমাবর্তনের কো-কনভেনার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।