বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Printed Edition

বগুড়া অফিস

বগুড়ায় ৮ বছরের শিশু রিফাত হোসেনকে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই অপরাধের সময় নাবালক হওয়ায় আরো পাঁচজনকে ১০ বছরের সাজা দেয়া হয়। গতকাল বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১-এর বিচারক মো: আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাজাহানপুরের খাদাস এলাকার আবুল কালাম আজাদ, সাগর, সেলিম ইসলাম, মেহেদী হাসান ও রাজু ইসলাম। এদের মধ্যে সাগর ও সেলিম ইসলাম পলাতক আছেন। শিশু হিসেবে সাজাপ্রাপ্তরা হলেন- সজিব হাসান, মফিজুল ইসলাম, জাহিদ হাসান, বোরহান আলী ও বায়েজিদ হোসেন। এরাও খাদাস গ্রামের বিভিন্ন পাড়ার বাসিন্দা। নিহত রিফাত শাজাহানপুরের খাদাস হাটখোলা এলাকার এনামুল হকের ছেলে। আসামিরা সবাই নিহতের পরিবারের প্রতিবেশী ও পরিচিত। ২০১৮ সালের ১৫ জুলাই তাকে হত্যা করে লাশ গুম করে আসামিরা। পরে লাশের সন্ধান পেয়ে ১৮ জুলাই শাহাজানপুর থানায় মামলা করেন এনামুল হক।

আদালত সূত্র জানায়, এনামুল হক প্রবাসী ছিলেন। দেশে আসার পর তার কাছে বিভিন্ন সময় প্রতিবেশী আবুল কালাম আজাদ টাকা চাইতো। ঘটনার দিনেও এনামুলের কাছে এক লাখ টাকা ধার হিসেবে দাবি করেছিলেন আবুল কালাম আজাদ। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন এনামুল। সেদিন বিকেল থেকেই এনামুলের বড় ছেলে রিফাত হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে থানায় জিডি করেন এনামুল। এর তিন দিন পর স্থানীয় ইউপি সদস্যের স্বামীর মাধ্যমে এনামুল জানতে পারেন পার্শ্ববর্তী পোয়ালগাছা গ্রামের একটি ব্রিজের নিচে শিশুর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে সেখানে গিয়ে রিফাতের লাশের সন্ধান মিলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট আলী আজগার আলী জানান, মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছিল। তবে মাসুদ রানা নামে এক ব্যক্তির মৃত্যু হওয়ায় মামলা থেকে তার নাম বাদ পড়েছে। এর আগে সব আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।