ডুপ্লান্টিসের ১৫তম বিশ্ব রেকর্ড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সুইডেনের তারকা অ্যাথলেট আরমান্ড ডুপ্লান্টিস আবারো পোল ভল্টে বিশ্বরেকর্ড গড়ে ক্রীড়াজগতে নতুন ইতিহাস লিখেছেন। বৃহস্পতিবার নিজ দেশের উপসালা শহরে আয়োজিত প্রতিযোগিতায় তিনি ৬.৩১ মিটার উচ্চতায় লাফিয়ে নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছেন। এটি তার ক্যারিয়ারের ১৫তম বিশ্বরেকর্ড।

উপসালার আইএফইউ এরিনায় অনুষ্ঠিত মোন্ডো ক্লাসিক প্রতিযোগিতায় শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ডুপ্লান্টিস। তিনি প্রথম প্রচেষ্টাতেই ৫.৬৫ মিটার, ৫.৯০ মিটার এবং ৬.০৮ মিটার উচ্চতা অনায়াসে পার করেন। এরপর তিনি দ-ের উচ্চতা এক লাফে ২৩ সেন্টিমিটার বাড়িয়ে বিশ্বরেকর্ডের নতুন লক্ষ্য নির্ধারণ করেন। সেই উচ্চতাও সফলভাবে অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ী।

প্রতিযোগিতা শেষে উচ্ছ্বাস প্রকাশ করে সুইস তারকা বলেন, দর্শকদের সামনে এই কীর্তি গড়তে পেরে তিনি ভীষণ গর্বিত। তিনি জানান, তিনি শুধু নিজের জন্য নয়, নিজের পরিবার, নিজের দেশ সুইডেন এবং যারা তাকে সমর্থন করেন তাদের সবার জন্যই লাফ দেন।

পোল ভল্টে তার আধিপত্য অপ্রতিদ্বন্দ্বী। তিনি ইতোমধ্যে ২০২০ ও ২০২৪ সামার অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। প্যারিস অলিম্পিকে তিনি টানা দ্বিতীয়বারের মতো এই ইভেন্টে স্বর্ণ জিতে ৬৮ বছরের মধ্যে প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিক শিরোপা ধরে রাখার বিরল কৃতিত্বও অর্জন করেন।

ডুপ্লান্টিসের আগে পোল ভল্টের বিশ্বরেকর্ড ছিল ফ্রান্সের র‌্যনো লাভিলনির দখলে। তিনি ২০১৪ সালে ৬.১৬ মিটার লাফিয়ে রেকর্ড গড়েছিলেন। তবে ২০২০ সালে সেই রেকর্ড ভেঙে নতুন যুগের সূচনা করেন ডুপ্লান্টিস, এরপর থেকে ধীরে ধীরে প্রতি বার মাত্র এক সেন্টিমিটার করে নিজের রেকর্ড উন্নত করে চলেছেন।

বিশেষজ্ঞদের মতে, ডুপ্লান্টিসের সাফল্যের পেছনে রয়েছে দুর্দান্ত দৌড়ের গতি, নিখুঁত কৌশল এবং অসাধারণ শক্তির সমন্বয়। দৌড়ের সময় তার উচ্চগতি বেশি গতিশক্তি তৈরি করে, যা তাকে আরো বেশি উচ্চতায় ওঠার ভিত্তি তৈরি করে দেয়। শৈশব থেকেই পোল ভল্টের পরিবেশে বেড়ে ওঠাও তার সাফল্যের আরেকটি বড় কারণ। যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে তার বাড়ির পেছনেই ছিল পোল ভল্ট অনুশীলনের ব্যবস্থা। তার বাবা নিজেও ছিলেন এই ইভেন্টের একজন দক্ষ প্রতিযোগী।

এভাবে একের পর এক বিশ্বরেকর্ড গড়ে ডুপ্লান্টিস শুধু পোল ভল্টেই নয়, পুরো ক্রীড়াজগতেই নিজেকে সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।