কামরাঙ্গীরচরে কারখানার হোস্টেল থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
পৃথক স্থানে ৩ জনের লাশ উদ্ধার আহত ১
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীচরে একটি কর্মচারী হোস্টেলের বাথরুম থেকে ইয়াকুব আলী (২৫) নামে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সোয়া ১টার দিকে কামরাঙ্গীচর লেকপাড় এলাকায় অবস্থিত ম্যাটাডোর গ্রুপের এমপ্লয়িজ হোস্টেলের বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহতের বড় ভাই মো: আরফান হাসপাতালে দাবি করেন, তার ভাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিন ভাইয়ের মধ্যে ইয়াকুব ছিল সবার ছোট। তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে। বাবার নাম আব্দুল মালেক। ইয়াকুব কোম্পানির হোস্টেলে থাকতেন।
নিহতকে হাসপাতালে নেয়া প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার বজলুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ইয়াকুবকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ দিকে রাজধানীর কলাবাগানের গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবি (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল হোটেল রুপসা ইন্টারন্যাশনালের একটি কক্ষের ওয়াশরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তানিয়া নবি গত ১৯ এপ্রিল রাতে ওই হোটেলের ৪১৮ নম্বর কক্ষে নিজেকে একজন ছাত্রী পরিচয় দিয়ে আইইএলটিএস পরীক্ষার জন্য ঢাকায় এসেছেন বলে জানান। তবে হোটেলে ওঠার পর থেকে তিনি খুব একটা বাইরে যেতেন না এবং কক্ষের দরজা-জানালা বন্ধ রেখেই অবস্থান করতেন। পরে কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজায় বারবার নক করেন। কোনো সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা। এ সময় কক্ষের ওয়াশরুমে প্যানের ওপর তানিয়া নবিকে মৃত অবস্থায় দেখতে পান। অন্য দিকে রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ রেলগেট ও টঙ্গী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ আজমল হোসাইন (৫৫) ও মোহাম্মদ শাকিল (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজমল হোসাইনের শ্যালক নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে দয়াগঞ্জ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সদর ঘাটে পাঞ্জাবির ব্যবসা করতেন। অপর দিকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) নুর আলম জানান, টঙ্গী রেল গেট এলাকায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়াও রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধের মাহাদিনগর এলাকায় তিন থেকে চারজন ছিনতাইকারী চালক মনির মান্নাকে (৩৫) কুপিয়ে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাগর বলেন, মাহাদিনগর এলাকায় রাব্বিসহ তিন থেকে চারজন হাজারীবাগ কোম্পানি ঘাট এলাকার বাসিন্দা অটোচালক মনির মান্নার পথ রোধ করে। এর পর তাকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা মোবাইল ফোন, গলায় থাকা চেইন ও অটোরিকশা নিয়ে যায়।