শ্রীনগরে সরকারি জলাশয় দখল
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় একটি সরকারি পুকুর ঘিরে আবারো দখল করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, ‘এতিমখানা সরকারি পুকুর’ নামে পরিচিত এবং যদু বাবু রায়বাহাদুরের পুকুর হিসেবে পরিচিত জলাশয়টির পাড় ভরাট করে দখলের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানান, প্রায় দুই দশক ধরে ১৫ থেকে ২০টি পরিবার এই পুকুরের ওপর নির্ভরশীল। পানি সংগ্রহ, গোসলসহ দৈনন্দিন নানা কাজে ব্যবহার হয়ে আসছে পুকুরটি। সম্প্রতি স্থানীয় সুমন বেপারী পুকুরের পাড়ে মাটি ভরাট শুরু করলে এলাকায় উত্তেজন তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, সরকারি দাগ নম্বর ১০৬৪-এর এই পুকুর দখলের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ধীরে ধীরে পুরো পুকুর হারিয়ে যাবে। এতে শুধু সরকারি সম্পত্তিই নয়, এলাকার সাধারণ মানুষের জীবনযাপনও ক্ষতিগ্রস্ত হবে।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিন উদ্দিন সহকারী কমিশনার (ভূমি), শ্রীনগরকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দা সইদুন বেগম ইউএনও বরাবর লিখিত অভিযোগ পাঠিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানান।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে ঘর সরিয়ে নেয়ার নোটিশ দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।