হাম ও উপসর্গে মৃত্যু ৩০০ ছাড়াল ১ দিনে মারা গেল ১৭ শিশু
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত আরো ১৭ শিশুর মারা গেছে। দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর শিশু মৃত্যুর এই সংখ্যা গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ।
১৭ শিশুর মধ্যে ১৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অপর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে ৫০ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৩১১-এ দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে আর হামে ৫২ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের। অবশ্য এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে দু’টি শিশুর মৃত্যু হয়েছে আগের দিন।
হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১২টি শিশুই ঢাকা বিভাগের আর পাঁচটি শিশু চট্টগ্রাম বিভাগের। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ৩০২টি শিশুর মধ্যে। তাদের মধ্যে ৬১৮টি শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৯২), রাজশাহী (১৬৮) ও বরিশাল (১৩৩) বিভাগ। দেশের ৮ বিভাগে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬ জন। হামের উপসর্গ নিয়ে ৮ বিভাগে ভর্তি হওয়া এক হাজার ৬১ জন ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে।
ময়মনসিংহ মেডিক্যালে আরো ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ২৪-এ। একই সময়ে নতুন করে ২৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু।
সোমবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে মারা যাওয়া শিশুটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।