ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫১ দল
প্রতি আসনে লড়তে চান গড়ে ৮.৫৬ জন
Printed Edition
হামিদুল ইসলাম সরকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে প্রতি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গড়ে ৮.৫৬ জন। যেখানে ৩০০ আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৫৭০ জন। তবে সবচেয়ে বেশি প্রার্থিতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২০১৮ সালের বিতর্কিত দিনের ভোট আগের রাতে করা একাদশ সংসদ নির্বাচনে। ওই নির্বাচনের গড় ছিল ১০.২১ জন। আর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী সবচেয়ে কম ছিল গড়ে ৭.৫৩ জন। তবে গড়ে বেশির ভাগ নির্বাচনে আটজনের বেশি প্রাথমিক প্রার্থী ছিলেন।
ইসির তথ্য থেকে জানা গেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির ইসিতে নিবন্ধন স্থগিত করা হয়েছে। যার কারণে তারা নির্বাচন করতে পারছে না। তবে আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের বেশ কয়েকটি শরিক ছোট দলও এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। যার কারণে নিবন্ধিত ৫৯টি দলে মধ্যে ৫১টি দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে।
’৯০-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের পর ১৯৯১ সালে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। পঞ্চম সংসদের সেই নির্বাচনে ৩০০ আসনের বিপরীত প্রাথমিকভাবে মনোনয়নপত্র জমা দেন দুই হাজার ৭৮৭ জন। সেখানে গড়ে আসন প্রতি প্রার্থী ছিলেন ৯.২৯ জন। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে মোট দুই হাজার ৫৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেখানে গড়ে ছিল ৮.৫৪ জন। আবারো আন্দোলন হতাহতের পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট দুই হাজার ৪৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এখানে গড়ে প্রাথমিক প্রার্থী ৮.২০ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের ১৪৭টিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১৫৩ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টির মধ্যে ২৩৪টি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সেখানে ১৪৭ আসনে ছিল এক হাজার ১০৭ জন। গড়ে ছিল ৭.৫৩ জন।
আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত দিনের ভোট আগের রাতে করা বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট তিন হাজার ৬৫ জন প্রার্থী। এই নির্বাচনে প্রতি আসনে প্রাথমিক প্রার্থী সর্বোচ্চ ১০.২১ জন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট দুই হাজার ৭১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এখানে গড়ে প্রার্থী ৯.০৩ জন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে বলে ইসির জনসংযোগ পরিচালক মো: রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ৫৯টি নিবন্ধিত দলের মধ্যে ৫১টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র থেকে মোট দুই হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে মনোনয়নপত্র দাখিলের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন দল কত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী কতজন তা জানাতে পারেনি নির্বাচন কমিশন।