গাভীর খামারে ভাগ্য বদলেছে ডুমুরিয়ায় নারী উদ্যোক্তাদের

Printed Edition

আনোয়ার হোসেন আকুঞ্জী ডুমুরিয়া (খুলনা)

ভোরের আলো ফোটার আগেই ব্যস্ততা শুরু হয় খুলনার ডুমুরিয়া উপজেলার গ্রামগুলোতে। কোথাও গরুর খামারে দুধ দোহন, কোথাও চলছে পশুখাদ্য প্রস্তুতের কর্মযজ্ঞ। গ্রামীণ পরিবেশে ঘরের গণ্ডি পেরিয়ে নারীরা গড়ে তুলেছেন গাভীর খামার। উন্নত জাতের গাভী পালন ও দুগ্ধ উৎপাদনের মাধ্যমে এই খামারেই ভাগ্য বদলে দিয়েছে নন্দিতা ঘোষের।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যমতে, ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নে বর্তমানে পারিবারিক ও বাণিজ্যিকভাবে ৫ শতাধিক দুগ্ধ খামার গড়ে উঠেছে। এর মধ্যে ১৮টি খামার বাণিজ্যিকভাবে নিবন্ধিত। এর বেশিরভাগই গড়ে তুলেছেন নারী উদ্যোক্তরা। ডুমুরিয়ার এই নারীরা শুধু নিজেদের সংসারই সামলাচ্ছেন না, বরং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

ভাগ্য বদলে নেয়া উদ্যোক্তা নন্দিতা জানান, ২০০১ সালে মাত্র ৪৯ হাজার টাকা দিয়ে একটি বকনা বাছুর কিনে ছোট পরিসরে কাজ শুরু করেন। তার সেই উদ্যোগ আজ ‘নন্দিতা ডেইরি ফার্ম’ নামে এক সফল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বর্তমানে তার খামারে ছোট-বড় মিলিয়ে রয়েছে ২০টি গরু। তিনি আরো জানান, আমার স্বামী তপন ঘোষ শুরু থেকেই ছায়ার মতো পাশে থেকে সাহস জুগিয়েছেন। নন্দিতার খামারে বর্তমানে ১০টি গাভী নিয়মিত দুধ দিচ্ছে। প্রতিদিন প্রায় ৫ হাজার টাকা খরচে উৎপাদন হচ্ছে ১৫০ লিটার দুধ, যা বাজারে বিক্রি করে তিনি প্রায় ৯ হাজার টাকা আয় করছেন।

শুধু নন্দিতাই নন, মাগুরাঘোনা গ্রামের বন্দনা ঘোষ ২০০৬ সালে খামার শুরু করে এখন ১৫টি গাভীর মালিক। টিপনা গ্রামে ৬ বিঘা জমির ওপর বহুমুখী খামার গড়ে তুলেছেন নুসরাত সুলতানা রুনা। তার ‘মেসার্স নুসরাত অ্যান্ড অ্যাগ্রো ফার্মে’ গরু, ছাগল, ভেড়া ও মুরগি পালন করা হচ্ছে। এ ছাড়া চম্পা ঘোষ, সুকেশ সরকার, দেবদাস সরকারসহ অসংখ্য উদ্যোক্তা এখন গবাদি পশু পালন করে স্বাবলম্বী।

নন্দিতা ঘোষদের মতো এসব নারী উদ্যোক্তদের পথচলায় সহায়ক হয়েছে উপজেলা সমবায় সমিতির একটি প্রকল্প। ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন’ প্রকল্পের আওতায় ঋণ সুবিধা নিয়ে তারা খামার সম্প্রসারণ করেছেন। ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুর রহমান জানান, নারীদের স্বাবলম্বী করতে উন্নত জাতের গাভী পালনের ওপর বিশেষ প্রশিক্ষণ ও ঋণ দেয়া হচ্ছে। এর ফলে সুবিধাবঞ্চিত নারীরা সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হচ্ছেন।