আর্জেন্টিনার জয়ে খুশি নন স্কালোনি

Printed Edition
khela-4
গোলদাতা এনজো ফার্নান্দেজের সাথে আলভারেজের আনন্দ ভাগাভাগি : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

ফিফা র‌্যাংকিংয়ের ৩ নম্বর দল আর্জেন্টিনা ও ১১৫তম মৌরিতানিয়া। দুই দলের লড়াইয়ে ফল এসেছে অনুমিত পথেই। তবে ২-১ ব্যবধানে জয়ের পর পারফর্ম্যান্সে //সন্তুষ্ট হতে পারেনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোচের খুশি না হওয়ারই কথা। জয়ের ব্যবধান আরো বড় হবে এমনটাই আশা ছিল সবার। আর কদিন পরেই বিশ্বকাপ। আর্জেন্টিনা ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন। এবারের বিশ্বকাপেও তাদের লক্ষ্য বিশ্বসেরার মুকুট ধরে রাখা। এ মুহূর্তে এমন পারফর্ম্যান্স সমর্থক ও কোচ সবার মনেই হতাশা সৃষ্টি করেছে।

যদিও এ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন স্কালোনি তবে মৌরিতানিয়ার মতো দলের বিপক্ষে জয়ের ব্যবধান ও মাঠে শীষদের পারফর্ম্যান্সে তার অসন্তুষ্টির কথা জানিয়েছেন খোলামেলাভাবেই।

আর্জেন্টিাইন কোচ বলেন, ‘ম্যাচটা আমরা ভালো খেলিনি-এটাই বাস্তব। সব সময়ের মতো এই ম্যাচ থেকেও অনেক কিছু ঠিক করার আছে। ভুলগুলো এখন হওয়া ভালো। নতুন কিছু করতে গেলে দলীয় পারফর্ম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে। দল ভালো খেলেনি- এটা মানতে হবে। মেসিকে পরিকল্পনা অনুযায়ীই দ্বিতীয়ার্ধে খেলানো হয়েছে।’

লা বোমবোনেরা স্টেডিয়ামে ম্যাচের চিত্র স্পষ্ট হয়ে যায় দ্বিতীয়ার্ধ শুরুর আগেই। টাচলাইনের পাশে বদলির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি, রদ্রিগো দ্য পল ও তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য দিকে মৌরিতানিয়ার হয়ে ছিলেন উইঙ্গার পাপা ইয়াদে দুই। দলের শক্তির পার্থক্যটা যেন এই দৃশ্যেই ফুটে ওঠে।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। ১৭ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন নাহুয়েল মলিনার ক্রস থেকে। ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এটি ছিল জাতীয় দলে তার প্রথম গোল, যা ভবিষ্যৎ দল গঠনের দৌড়ে তাকে এগিয়ে রাখবে।

প্রথমার্ধে মেসি ও দ্য পল বেঞ্চে থাকলেও বিরতির পর মাঠে নামেন তারা। মাঠে নেমে একাধিক সুযোগ তৈরি করেন মেসি, তবে তার চেনা বাঁকানো শট লক্ষ্যভ্রষ্ট হয়। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও থিয়াগো আলমাদাও সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। পুরো ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষের পোস্টে মাত্র চারটি শট মারে। যা তাদের আক্রমণভাগের অকার্যকারিতাই তুলে ধরে।

অন্য দিকে মৌরিতানিয়াও মাত্র চারটি শট রাখে আর্জেন্টিনার পোস্টে। ৮৯ মিনিটে সৌউলেমান আনের জোরালো শট ঠেকান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ৭৪ মিনিটে মাতা মাগাসার শট অল্পের জন্য পোস্ট মিস করে। তবে যোগ করা সময়ের (৯০+৪ মিনিট) আগে আর্জেন্টিনার রক্ষণে ফাঁক খুঁজে পায় মৌরিতানিয়া। অভিষেক ম্যাচেই ডিফেন্ডার জর্ডান লেফোর্ট গোল করে ব্যবধান কমান। জটলার মধ্যে নেয়া শটে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে স্মরণীয় মুহূর্ত তৈরি করেন তিনি।

শেষ মুহূর্তের এই গোল জয়কে কিছুটা মøান করে দেয়। কোচ লিওনেল স্কালোনির দলের জন্য এটি সতর্কবার্তাও বটে। বিশ্বকাপের আগে পারফর্ম্যান্সে ধার বাড়ানোর প্রয়োজন স্পষ্ট।

আগামী ১ এপ্রিল দ্বিতীয় প্রীতিম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।