রোগ নির্ণয়ে গুরুত্ব দিলে কিডনি রোগের ব্যয়ভার কমানো সম্ভব
Printed Edition
‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যতেœ বাঁচাও ধরণীরে’- এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিস অ্যান্ড ইউরোলজি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হলেও রোগ নির্ণয় প্রক্রিয়া অত্যন্ত সহজ ও স্বল্পমূল্যের। সাধারণ একটি প্রস্রাব পরীক্ষার মাধ্যমেই প্রাথমিক অবস্থায় এ রোগ শনাক্ত করা সম্ভব। বক্তারা ইউনিয়ন সাব-সেন্টার থেকে শুরু করে মেডিক্যাল কলেজ পর্যন্ত এই প্রযুক্তি ও সচেতনতা ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন কোটি ৮২ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং প্রতি বছর নতুন করে ৩০-৪০ হাজার রোগীর কিডনি বিকল হচ্ছে। সঠিক চিকিৎসার অভাবে ৮০ শতাংশ রোগীই মারা যান। ২০৪০ সাল নাগাদ এই রোগ মৃত্যুর পঞ্চম প্রধান কারণ হয়ে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম বলেন, ‘কিডনি রোগ একটি নীরব ঘাতক। এটি প্রতিরোধে ভেজাল খাবার বর্জন, ওজন নিয়ন্ত্রণ এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার বিকল্প নেই।’
সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ডা: শাহনেওয়াজ দেওয়ান। এ ছাড়া উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল, নিটোর পরিচালক অধ্যাপক ডা: মো: আব্দুল কেনান, অধ্যাপক ডা: হারুন অর রশীদসহ অন্যান্য বিশেষজ্ঞ। উল্লেখ্য, দিবসটি উপলক্ষে গত ৮ মার্চ বিএমইউ (সাবেক পিজি হাসপাতাল) প্রাঙ্গণে একটি সচেতনতামূলক ভ্রাম্যমাণ ছাদখোলা গাড়ির উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।ন