সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
অন্যান্য স্থানে প্রাণ গেল আরো ৪ জনের
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন আট নির্মাণশ্রমিক। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরো চারজন।
সিলেট ব্যুরো জানায়, ঢাকা-সিলেট মহাসড়ককের দক্ষিণ সুরমার তেলিবাজার সেতুর পাশে ট্রাক-পিকআপ সংঘর্ষে গতকাল ভোররাতে আট শ্রমিক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, রোববার ভোরে একটি ডিআই পিকআপে করে নির্মাণকাজে সিলেট নগরী থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন একদল শ্রমিক। তারা ঢাকা-সিলেট মহাসড়ককের দক্ষিণ সুরমার তেলিবাজার সেতুর পাশে পৌঁছালে ঢাকা থেকে সিলেটমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন পিকআপে থাকা চার নির্মাণশ্রমিক। পরবর্তী সময়ে হাসপাতালে নেয়ার পর আরো চারজন মারা যান।
নিহতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের দুই ভাই আজির উদ্দিন ও আমির উদ্দিন, ধর্মপাশার সরিষা গ্রামের নার্স আক্তার, দিরাইয়ের সেচনী গ্রামের মোছা: মুন্নি বেগম, দিরাই ভাগ্রামের নুরুজ আলী, ভানূর নগরের ফদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জেরথশিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের বদরুজ্জামান। দুর্ঘটনায় আরো অন্তত সাতজন আহত হয়েছেন।
আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো: আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)। দুর্ঘটনার পর থেকেই পিকআপ ও ট্রাক উভয়ের চালক পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো: খালিদ হোসেন (৮) দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকরাইদ স্টিল রাইস সাইলোর সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবু হানিফা (৪৮)। সে উপজেলার পৌর শহরের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে। পেশায় একজন কলাচাষি।
পথযাত্রী এনামুল হক ও অটোরিকশা চালক কদ্দুস আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি জলছত্রের দিক থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালক মারা যান। পুলিশকে খবর দিলে পরে তারা এসে লাশ উদ্ধার করে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলায় এক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত ও তিন ব্যক্তি আহত হয়েছেন। নিহত যাত্রী হলেন- আইনাল হক (৫০) পিতা মৃত কাসম আলী, দক্ষিণ কাল ডোহর, পূর্বধলা; নাজিম উদ্দিন (৪৮) পিতা মৃত এলকাছ উদ্দিন, সাধুপাড়া, একই উপজেলা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কপথের উপজেলার ইলাশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সীমান্তের সুসং দুর্গাপুর থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক ইলাশপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ওই দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনায় সারা তাবসসুমসহ তিন যাত্রী গুরুতরভাবে আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিএনজি ও ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।