জাতি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায় : শিবির সেক্রেটারি
Printed Edition
বগুড়া অফিস
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, প্রায় এক হাজার ৪০০ শহীদ ও হাজারো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই সনদ’ দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে বিজয়ী করেছে। কিন্তু বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে সেই জনআকাক্সক্ষাকে পাশ কাটিয়ে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে। রোববার বিকেলে বগুড়া জেলা ও শহর শাখা শিবিরের উদ্যোগে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করেন, বিএনপি সরকার তরুণদের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। গুম কমিশন সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রস্তাবকে তিনি শহীদদের আকাক্সক্ষার পরিপন্থী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরকে বিজয়ী করে ছাত্রসমাজ আমাদের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। জুলাই সনদ নিয়ে কোনো অপচেষ্টা চালানো হলে ছাত্রসমাজ পুনরায় রাজপথে নামতে বাধ্য হবে। জাতি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায়।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, বিগত নির্বাচনে কারচুপির মাধ্যমে জামায়াতকে হারানো হয়েছে। তিনি আগামী বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে উন্নয়ন ও শান্তির স্বার্থে ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান। জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, বিএনপি একাধিকবার ক্ষমতায় থাকলেও বগুড়ায় বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন বা বিমানবন্দর চালুর মতো গুরুত্বপূর্ণ উন্নয়ন করেনি।
শহর শাখা শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার ও শিবিরের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রায় দুই হাজার তরুণের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।