গাজীপুর-৩ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী ডা: বাচ্চু

Printed Edition

মোহাম্মদ আলী র্ঝিলন গাজীপুর

গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। গত রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সহকারী রিটার্নিং অফিসার এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে দলের জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি আইন মানার দল, আচরণবিধি মানার দল। বিএনপি একমাত্র দল যারা সুষ্ঠু নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য গত ১৮ বছর বিএনপি লড়াই করেছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির চার হাজারেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। জুলাই আন্দোলনে দুই হাজারেরও বেশি শহীদ হয়েছে। এর মধ্যে বিএনপির ৪০০ নেতাকর্মী শহীদ হয়েছে। কাজেই বিএনপির দায়িত্বের মধ্যে পড়ে আচরণ বিধি মেনে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করা। আমরা সেটা শতভাগ মেনে চলব। আইনের বাইরে বিএনপি চলে না, চলবেও না।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ।