যমুনা সেতুতে এক দিনে টোল আদায় পৌনে ৩ কোটি
Printed Edition
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
শবে কদরের ছুটির মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আমেজ। প্রিয়জনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপ। গতকাল মঙ্গলবার সকাল থেকেই মহাসড়কের মির্জাপুর, এলেঙ্গা ও সেতু পূর্ব পাড় এলাকায় উত্তরবঙ্গগামী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল এমনকি খোলা ট্রাকে করেও অনেককে গন্তব্যে যেতে দেখা গেছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশে যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। পুলিশ জানায়, মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত চার লেনের সুবিধা থাকলেও পরবর্তী অংশে কাজ চলমান থাকায় কিছুটা সতর্কতার সাথে যানবাহন চলছে। ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে চারটি সেক্টরে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন প্রায় এক হাজার পুলিশ সদস্য।
এদিকে যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের পরিমাণও বেড়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন থেকে এক কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা এবং ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন থেকে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা আদায় করা হয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় চাপ সামলাতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য রয়েছে আলাদা চারটি বুথ। বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন এই টোল আদায়ের দায়িত্বে রয়েছে।