গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা গ্রেফতার ৩

Printed Edition

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে বাকপ্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া এলাকার ঘটে।

নিহত বাকপ্রতিবন্ধী ভ্যানচালক আলম (৩০) পড়শীপাড়া এলাকায় সহরুদ্দিনের ছেলে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইমরান হোসেন আইকন, আব্দুল কাদের লিটন মেম্বার ও মাজাহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সবাই পড়শীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দিকে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে আমান মিয়ার সাথে সহরুদ্দিনের ঝগড়ার সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে আমান মিয়ার মা আছিয়া বেগমকে বাকপ্রতিবন্ধী আলম মারধর করেন।

এরই জের ধরে সন্ধ্যা ৭টার দিকে আমান মিয়ার ছেলে ইমরান হোসেন আইকন তার দুই সহযোগীকে নিয়ে আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের বাড়ির একটি কক্ষে আটকে রেখে বেধড়ক মারধর করে। এতে আলম ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ রাত দেড়টায় দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য গতকাল লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বাবা সহরুদ্দিন বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।