অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

অস্ট্রিয়া সরকার ১৪ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি ২০২৭/২৮ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাঠক্রমে মিডিয়া লিটারেসি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষাকে আরো জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আনাদোলু।

শুক্রবার ভাইস-চান্সেলর আন্দ্রেয়াস বাবলার সংবাদ সম্মেলনে জানান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যুবকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা দেশব্যাপী কার্যকর হবে এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হবে। নতুন পাঠক্রমে উচ্চ মাধ্যমিক স্কুলে মিডিয়া লিটারেসি নামে একটি পৃথক বিষয় অন্তর্ভুুক্ত হবে।

কিছু ল্যাটিন ও দ্বিতীয় বিদেশী ভাষার ক্লাসের সময় কমানো হবে। ইনফরমেটিক্স ক্লাসে এআই অন্তর্ভুক্ত করে ডিজিটাল সিস্টেম বোঝা, ঝুঁকি ও সুযোগ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেয়া হবে। ডিজিটাল স্টেট সেক্রেটারি অ্যালেক্সান্ডার প্রোল জানিয়েছেন, জুনের শেষের মধ্যে আইন প্রণয়নের প্রস্তাব আনা হবে। এতে ব্যবহারকারীর বয়স যাচাই করা হবে, তবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে।

অস্ট্রিয়ার এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ, এই উদ্যোগে যোগ দেয়ার জন্য।’