স্থিতিশীল ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য সংলাপই চাবিকাঠি : স্পেন

Printed Edition

আনাদোলু

মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল ও সমৃদ্ধ করতে সংলাপ এবং আলোচনার ওপর জোর দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সাথে ফোনালাপে তিনি এই আহ্বান পুনর্ব্যক্ত করেন। রোববার এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আলবারেস জানান, ইরানের হামলা অবশ্যই বন্ধ হতে হবে এবং স্পেন সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম ও উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে। তিনি আরো জানান, একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চলের জন্য সংলাপ এবং আলোচনাই একমাত্র সমাধান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়ানক মানবিক ও অর্থনৈতিক পরিণতির পাশাপাশি গাজা, পশ্চিম তীর এবং লেবাননে চলমান নৃশংস সহিংসতার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের ওপর বিমান হামলা চালায়। এই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরাইলের পাশাপাশি জর্দান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।