বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা
Printed Edition
ডন ও রয়টার্স
বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি শহরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাথে লড়াইয়ে অন্তত ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বেলুচিস্তানের আরো অন্তত আটটি জেলায় ‘সমন্বিতভাবে’ হামলা চালায় বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। তারা কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনে একযোগে হামলা চালায়। তাদের এসব হামলায় প্রাথমিকভাবে অন্তত আট পুলিশ সদস্য নিহত হন।
পরে এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী জানায়, বিচ্ছিন্নতাবাদীরা বেশ কয়েকটি এলাকায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জনকে হত্যা করে। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হন। এক দিন আগে শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল, তারা বেলুচিস্তানে চালানো দু’টি পৃথক অভিযানে ৪১ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী খনি সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানে কয়েক দশক ধরে চলা একটি বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনে লড়াই করে আসছে পাকিস্তান।
প্রদেশটির সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) শনিবারের হামলাগুলোর দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে বিএলএ জানিয়েছে, তারা প্রদেশজুড়ে একযোগে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলা চালানোকালে সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যস্থল করেছে।