দক্ষিণ আফ্রিকা যাবে ‘এ’ দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের আগেই দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দু’টি-চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা।

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস বলেন, ‘২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দল সফর করবে। এক বছর আগে কিছু ক্রিকেটারকে কন্ডিশন সম্পর্কে ধারণা দেয়ার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বকাপের জন্য তারা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। আমরা এ বছর দক্ষিণ আফ্রিকা যাবো, তারা পরের বছর বাংলাদেশে আসবে।’

কয়েক বছর ধরেই জাতীয় দলের আগে ‘এ’ দল বিভিন্ন দেশ সফর করছে। ২০২৪ সালে পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আগে ‘এ’ দল শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলেছে। মুশফিকুর রহীম, মুমিনুল হকরা ওখানে খেলে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিয়েছিলেন। এইচপি ও ‘এ’ দলের সফর ছিল সেটি। আগামী নভেম্বর-ডিসেম্বরে জাতীয় দল দক্ষিণ আফ্রিকা খেলতে যাবে।