বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ
Printed Edition
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সাথে সোনাগাজীর জান্নাতুল ফেরদৌস সানজিদার বিবাহ সম্পন্ন হয়েছে।
ফরহাদের মামাতো ভাই লুৎফুর রহমান জানান, রাজধানীর কাঁটাবন জামে মসজিদে জোহর নামাজের পর উভয় পরিবারের সদস্য ও বিশিষ্ট রাজনীতিকদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ উভয় পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এস এম ফরহাদের বাড়ি চট্টগ্রাম। তার বাবা মাওলানা ফোরকান চট্টগ্রাম বায়তুশ শরফ মাদরাসার প্রিন্সিপাল। পরিবারের বড় ছেলে ফরহাদ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি।
পাত্রী সোনাগাজী পৌর শহরের ২ নং ওয়ার্ডের জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল্লাহ কাজলের বড় মেয়ে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চাকসুর নির্বাহী সদস্য। চাকসুতে সানজিদা ছয় হাজার ভোট পেয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন।
উল্লেখ্য, জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় পেছানো হয়েছিল বাগদানের দিন।