বৃষ্টিতে আঞ্চলিক সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের নান্দাইলে টানা ভারী বর্ষণে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ধসে দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। এতে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যাতায়াত সচল করতে দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, সম্প্রতি অবিরাম বৃষ্টিপাতে উপজেলার চরবেতাগৈর আঞ্চলিক সড়কের নিচের মাটি সরে যায়। একপর্যায়ে পানির প্রবল স্রোতে সড়কটির মাঝখান ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত এই কার্পেটিং সড়কটি উপজেলার সীমান্তবর্তী বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নের সংযোগকারী প্রধান পথ। বীরকামটখালি দক্ষিণ বাজার থেকে চরউত্তরবন্দ বাজার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। বিশেষ করে চরউত্তরবন্দ এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার থাকায় এই পথের গুরুত্ব অপরিসীম। সড়কটি ধসে যাওয়ায় বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির ধসে যাওয়া স্থানে আগে থেকেই ছিদ্র ছিল, যা দিয়ে বৃষ্টির পানি নিচে নামত। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ওই ছিদ্র দিয়ে প্রবল বেগে পানি ঢুকে ভেতরে শূন্যতা তৈরি করে। ফলে বৃহস্পতিবার ভোরে সড়কটি পুরোপুরি ধসে পড়ে। ধসের প্রাথমিক পর্যায়ে ঝুঁকি নিয়ে কিছু ছোট যানবাহন চললেও এখন যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, সড়কটির এক কিলোমিটার অংশ ২০১৭ সালে এবং বাকি আধা কিলোমিটার ২০১৮ সালে কার্পেটিং করা হয়েছিল। নান্দাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল বলেন, সড়কটির বর্তমান অবস্থা যাচাই করতে ইতোমধ্যে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।