আজ ফের সংসদের অধিবেশন বসছে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

৫০ ঘণ্টা আলোচনা হবে রাষ্ট্রপতির ভাষণের ওপর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন আজ রোববার। চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। এ ছাড়া অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা সাধারণ আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা: মো: শফিকুর রহমান অংশগ্রহণ করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন- কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান, চিফ হুইপ মো: নূরুল ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো: নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির। স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও অংশগ্রহণ করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে অধিবেশন শুরু হবে। আগামী ৩০ এপ্রিল অধিবেশন সমাপ্ত হওয়ার কথা ঠিক হলেও প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশনে চার শ’র বেশি প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত-প্রস্তাব জমা পড়েছে।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাচিবিক সহায়তা প্রদান করেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এ দিন রাষ্ট্রপতির ভাষণ শেষে আজ রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। আজ রোববার বেলা ১১টায় মুলতবি অধিবেশনের নিয়মিত কার্যক্রম শুরু হবে, যেখানে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা রয়েছে।

শনিবার বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ১৫ তারিখ সংসদ বসার পর ১৬ তারিখ থেকে মুলতবি হবে। এরপর ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং এপ্রিলের ৩০ পর্যন্ত চলবে। ‘১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে।’