মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার নুরুল হক নুর

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

গত শুক্রবার বিকেলে গজারিয়া উপজেলার হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মাঠে মুন্সীগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, চলমান বৈশ্বিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাথে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এতে অনেক প্রবাসী বাংলাদেশী ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন এবং অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এ সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, এরইমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

মুন্সীগঞ্জের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানকার জনশক্তিকে দক্ষ শ্রমিকে রূপান্তর করতে জেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। মুন্সীগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।