মসজিদকে সমাজ উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ড. খলিলুর রহমান মাদানী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, মসজিদ মুসলিম উম্মাহর ইবাদত-বন্দেগির পাশাপাশি সব সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। একটি শিরকমুক্ত, বিদআতমুক্ত, সন্ত্রাস ও অপরাধমুক্ত এবং নৈতিক মূল্যবোধভিত্তিক মানবিক সমাজ গঠনে মসজিদকে সক্রিয় ও আবাদ করা সময়ের দাবি। গতকাল বাগেরহাট জেলার সর্বস্তরের ইমাম, খতিব, ওলামা এবং দায়িত্বশীল ব্যক্তির প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের খানজাহান আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা রেজাউল করিম, আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা মোবারক হোসাইন প্রমুখ।