বাংলাদেশ ট্র্যাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস প্রদান

৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা

Printed Edition
back-3
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অতিথিদের সাথে পুরস্কার প্রাপ্তরা : নয়া দিগন্ত

বাংলাদেশের দ্রুত বিকাশমান ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতে উৎকর্ষতা, উদ্ভাবন এবং নেতৃত্বেকে স্বীকৃতি জানাতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ট্র্যাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস (ইঞঞঐঅ)। অনুষ্ঠানে সেবার মান ও পেশাদারিত্বে নতুন মানদণ্ড স্থাপনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অসাধারণ অবদানকে সম্মাননা জানানো হয়।

ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর এবং দেশের শীর্ষস্থানীয় ট্র্যাভেল-ট্রেড কনগ্লোমারেট গ্যালাক্সি গ্রুপ যৌথভাবে এই অ্যাওয়ার্ডের আয়োজন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্প এবং অন্যান্য ব্যবসা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড ও’হ্যানলন এবং দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ।

মোট ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান ও আটজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জুরিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। বাংলাদেশের আতিথেয়তা খাতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ এই সম্মাননা পেয়েছেন পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শাহীদ হামিদ।

ইঞঞঐঅ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বরে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন আহ্বানের মাধ্যমে। ৮৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তি ১৫০টিরও বেশি মনোনয়ন জমা দেন। পর্যটন ও আতিথেয়তা খাতে বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং প্রথাগত ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিসহ অন্যদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাইয়ের পর সব ক্যাটাগরিতে মনোনীতদের সংক্ষিপ্ত প্রাথমিক তালিকা প্রস্তুত করে।

অধিকতর স্বচ্ছতা ও বিজয়ী নির্বাচনে বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। প্রায় ২০ হাজার মানুষ এ ভোটিং প্রক্রিয়ায় অংশ নেন। বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে জুরি বোর্ড মনোনয়নপত্রের মান, ভোটের ফলাফল, সামগ্রিক জনমত এবং সরেজমিন মূল্যায়নসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে। জুরি সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং মনোনীত প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মনোনয়ন জমাদানকারী ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘ইঞঞঐঅ অ্যাওয়ার্ডসের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের অংশীজনদের তাদের সেবার মান ও পেশাদারিত্ব উন্নয়নে অনুপ্রাণিত করা।’

এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রোগ্রামে এবার লিড স্পনসর হিসেবে গ্যালাক্সি গ্রুপ, ব্যাংকিং পার্টনার হিসেবে ইস্টার্ন ব্যাংক, হসপিটালিটি পার্টনার হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং ট্র্যাভেল পার্টনার হিসেবে বাইটিকিটস সার্বিক সহযোগিতা প্রদান করে। বিজ্ঞপ্তি।