যুক্তরাষ্ট্র-ব্রিটেন অংশীদারত্ব আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ

মার্কিন কংগ্রেসে রাজা চার্লস

Printed Edition
onno-1
যুক্তরাষ্ট্র-ব্রিটেন অংশীদারত্ব আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ

বিবিসি

চার দিনের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই দিনে তিনি হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন।

কংগ্রেসে দেয়া ভাষণে রাজা তৃতীয় চার্লস বলেন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বর্তমান অংশীদারত্ব আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, রাজপরিবারের ১৯তম শাসক হিসেবে তিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের বিষয়াবলি নিয়ে খোঁজখবর রাখেন। কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার স্থান হিসেবে অভিহিত করে এই প্রতিষ্ঠানের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। ভাষণ চলাকালে রাজা তার মা পরলোকগত রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতি চারণ করেন, যিনি ১৯৯১ সালে একই কক্ষে ভাষণ দিয়েছিলেন। ব্রিটিশ হাস্যরস ও ইতিহাসের মিশেলে দেয়া এই ভাষণের সময় উপস্থিত আইনপ্রণেতারা দাঁড়িয়ে অভিবাদন জানান এবং বারবার করতালি দেন। রাজা জানান, তিনি ব্রিটেনের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মানুষের জন্য গভীর শ্রদ্ধা ও বন্ধুত্ব নিয়ে এসেছেন।

পরে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা হোয়াইট হাউজে পৌঁছালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাদের অভ্যর্থনা জানান। নৈশভোজের বক্তব্যে রাজা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বে যুক্তরাষ্ট্রের সাথে জোটবদ্ধ থাকার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। সৌজন্যতার নিদর্শন হিসেবে রাজা তৃতীয় চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এইচএমএস সাবমেরিনের একটি ঘণ্টা উপহার দেন। উপহারটিকে দুই দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে দুই দেশের বন্ধুত্বকে অতুলনীয় বলে উল্লেখ করেন। নৈশভোজে ট্রাম্প প্রশাসনের সদস্যসহ দুই দেশের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।