দাকোপে আ’লীগ নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় ক্ষোভ

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যানকে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে ইউনিয়নটির নির্বাচিত চেয়ারম্যান আত্মগোপনে থাকায় সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিল। তবে সম্প্রতি সেই প্রশাসক সরিয়ে বিতর্কিত আওয়ামী লীগ নেতাকে দায়িত্ব প্রদান করায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিহির মন্ডল আত্মগোপনে চলে যান। পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশে উপজেলা সহকারী কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর ২০২৫ সালের ২৮ জানুয়ারি জেলা প্রশাসন এক আদেশে প্যানেল চেয়ারম্যান-১ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর কুমার মন্ডলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়।

এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে কৈলাশগঞ্জের সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, প্রশাসকের অধীনে ইউনিয়ন পরিষদের কাজ সুশৃঙ্খলভাবে চলছিল। কিন্তু পুনরায় বিতর্কিত একজনকে দায়িত্ব দেয়ায় পরিষদের স্বচ্ছতা নিয়ে তারা শঙ্কিত। বর্তমানে তাকে সরিয়ে পুনরায় সরকারি কর্মকর্তা বা প্রশাসক নিয়োগের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা। এ লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।