মিরসরাইয়ে ঈদ বখশিশের নামে ভাড়ার নৈরাজ্য
Printed Edition
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদের চতুর্থ দিনেও ঈদ বখশিশের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও উপজেলার গ্রামীণ রুটে চলাচলকারী যানবাহনগুলোতে বাড়তি ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে দফায় দফায় বাগি¦তণ্ডা হচ্ছে। গতকাল মঙ্গলবার সরেজমিন উপজেলার বিভিন্ন পয়েন্টে এমন চিত্র দেখা গেছে।
মহাসড়কের মিরসরাই অংশে বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ কাটিয়ে অনেকে কর্মস্থলে ফিরছেন, আবার কেউ যাচ্ছেন আত্মীয়ের বাড়ি। এই সুযোগে স্থানীয় রুটে ১০ টাকার ভাড়া ২০ টাকা এবং দূরপাল্লার বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০-৩০ টাকা বেশি আদায় করা হচ্ছে।
চয়েস পরিবহনের যাত্রী ফখরুল ইসলাম অভিযোগ করেন, বারইয়ারহাট থেকে চট্টগ্রামের মাদারবাড়ী রুটে ১৩০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ১৫০ টাকা। তিনি বলেন, ঈদের দিন বখশিশ দেয়া যায়, কিন্তু চারদিন পরও বাড়তি ভাড়া নেয়া স্রেফ চাঁদাবাজি। স্থানীয় যাত্রী ইকবাল হোসেন বলেন, ‘চাহিদা বেশি থাকায় আমরা অনেকটা বাধ্য হয়েই দ্বিগুণ ভাড়া দিচ্ছি।
উত্তরা বাসের চালক জসীম উদ্দিনের দাবি, ঈদ উপলক্ষে ৫-১০ টাকা বেশি নেয়া হচ্ছে, তবে কাউকে বাধ্য করা হচ্ছে না। এদিকে মিরসরাই সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি খানসাব জানান, ঈদ উপলক্ষে হয়তো কেউ কেউ একটু বেশি নিচ্ছে, যা দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই আসাদুল ইসলাম বলেন, যাত্রীদের নির্বিঘœ যাতায়াতে আমাদের টহল জোরদার রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।